এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হবে। এর আগে ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারিত ছিল। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন সূচি অনুযায়ী ৩১ অক্টোবর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশ করা হবে। উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই শুরু হয়েছিল। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে স্থগিত পরীক্ষাগুলো সম্পন্ন হয়। এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে।


